পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আজ বসছে বোর্ডের চতুর্থ সভা
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ চূড়ান্ত করতে আজ বসছে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে আজ বসছে বোর্ডের চতুর্থ সভা…….
সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভার আলোচ্যসূচিতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, গার্মেন্টস শিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা। দ্বিতীয়ত, এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়ন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে সভার বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে ওই প্রস্তাবে শ্রমিকদের জন্য কত টাকা নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সভায় প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ নিজেদের অবস্থান ও যুক্তি তুলে ধরে।
সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনার ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও জমা দেবে বলে জানানো হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দেওয়া প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দেওয়া হয়। অফিস স্টাফ ও অন্যান্য কর্মচারীদের জন্যও পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই মজুরি কাঠামো একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়।
তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি শ্রমিকদের। এ পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তারা।
আজকের চতুর্থ সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব পর্যালোচনার মধ্য দিয়ে নতুন মজুরি নির্ধারণের আলোচনা কতটা এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট সবার।
