আন্তর্জাতিক

সমঝোতা ছাড়াই শেষ নেতানিয়াহু-আইজেনকোটের সরকার গঠনের আলোচনা


ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার দুই দলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হলেও সরকার গঠনের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি।

সমঝোতা ছাড়াই শেষ নেতানিয়াহু-আইজেনকোটের সরকার গঠনের আলোচনা…..

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হার্জলিয়ার একটি হোটেলে দুই দলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। আলোচনায় মূলত নতুন সরকারের নেতৃত্ব কার হাতে থাকবে এবং কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর লিকুদ পার্টি বেন-গভিরকে নতুন সরকারে রাখতে আগ্রহী। তবে আইজেনকোটের ইয়াশার পার্টি তাকে সরকারে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করছে।

বৈঠক শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দুই পক্ষ জানায়, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। এসব বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী বৈঠকের নির্দিষ্ট তারিখ কিংবা আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন পেয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জোটটি এখনো ১৩ আসন পিছিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য আইজেনকোট আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।

এদিকে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তার মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সরকার গঠন জরুরি। এর মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে ছাড়াই সরকার গঠনের পথ তৈরি হতে পারে। নির্বাচনে এসব দল সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

চ্যানেল ১২-এর খবরে আরও বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন ‘টুগেদার’ জোট সরকার গঠনের একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, টুগেদার, ইয়াশার, লিকুদ এবং আভিগদর লিবারম্যানের ইয়িসরায়েল বেইতেনু পার্টিকে নিয়ে একটি জোট সরকার গঠন করা হবে। এই প্রস্তাবে প্রথমে গাদি আইজেনকোট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী সময়ে দায়িত্ব নেবেন নেতানিয়াহু।

তবে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন আইজেনকোট। অন্যদিকে, নেতানিয়াহু প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেতানিয়াহু সরকারে থাকলে তিনি কোনো জোটে যোগ দেবেন না।

সব মিলিয়ে সরকার গঠন নিয়ে ইসরায়েলের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এখনো কাটেনি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।