আন্তর্জাতিক

ভারতের ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের বেশি বাদ দেওয়ার অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কমিশনের সমালোচনা

ভারতে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের বেশি নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির দাবি, এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে দেশটির মুসলিম সম্প্রদায়ের নাগরিকদের ভোটাধিকার ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতের ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের বেশি বাদ দেওয়ার অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কমিশনের সমালোচনা…….

বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভারত সরকার মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের বিদেশি হিসেবে চিহ্নিত করছে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের অবৈধভাবে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। দেশটির ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ঘটনা। বাদ পড়া মানুষের সংখ্যা মেক্সিকোর মোট জনসংখ্যার কাছাকাছি।

মুসলিমদের নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ

বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের নাম তুলনামূলক বেশি বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন ধরনের বৈষম্য ও বর্জনমূলক নীতির মুখে পড়ছে।

এদিকে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের সমর্থক ও সদস্যরা।

তবে ভারতের নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে মূলত একাধিকবার নিবন্ধিত ব্যক্তি, মৃত ভোটার, অন্যত্র চলে যাওয়া ব্যক্তি এবং ভোট দেওয়ার অযোগ্যদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভুলবশত কারও নাম বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি আপিলের সুযোগ পাবেন বলেও জানিয়েছে কমিশন।

ভোটার তালিকা থেকে বাদ পড়া মানেই বিদেশি নয়

ভোটার তালিকা সংশোধনের বিষয়টি ভারতে অবৈধ অভিবাসীদের শনাক্ত করে দেশ থেকে বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তবে ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি বিদেশি নাগরিক হয়ে যান না।

ইউএসসিআইআরএফের সদস্য জিন মিলস বলেন, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিমদের ধর্মীয় পরিচয়ের কারণে নিশানা করা এবং তাদের নিজ দেশ থেকে বিতাড়নের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ হিসেবে ঘোষণা করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানান।

ভারত-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবস্থান

যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় এই কমিশন বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মার্কিন সরকারের কাছে নীতিগত সুপারিশ দেয়। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয়।

ভারতের বিষয়ে কমিশনের সাম্প্রতিক সুপারিশগুলো নিয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন।

অন্যদিকে, ইউএসসিআইআরএফের সমালোচনাকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির দাবি, এ ধরনের মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ বিষয়ে মন্তব্য জানতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধর্মীয় স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ

ভারতে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার পরিস্থিতি নিয়েও দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

তাদের অভিযোগ, মোদি সরকারের আমলে মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন, মুসলিমদের মালিকানাধীন স্থাপনা উচ্ছেদ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল এবং ধর্মান্তরবিরোধী আইন নিয়ে প্রশ্ন তুলেছে তারা।

জাতিসংঘের বিশেষজ্ঞরা ভারতের নাগরিকত্ব সংশোধন আইনকে মৌলিকভাবে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছেন। অন্যদিকে, ধর্মান্তরবিরোধী আইন মানুষের ধর্মবিশ্বাস ও ধর্ম পালনের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছেন সমালোচকরা।

এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধনের ফলে বিজেপির রাজনৈতিক সমর্থন কম এমন জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভ মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপ নিয়েও সমালোচনা করেছেন মানবাধিকার বিশেষজ্ঞরা।

তবে গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবে উল্লেখ করে এ নিয়ে ওয়াশিংটনের মন্তব্য না করার অবস্থান জানান।

এদিকে, ভারতে মুসলিমদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানালেও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মুসলিমদের প্রতি আচরণ নিয়েও সমালোচনা করেছেন নাগরিক অধিকারকর্মীরা। তাদের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ইসলামবিদ্বেষ বেড়েছে এবং নির্বাচনি প্রচারে রিপাবলিকান নেতাদের মুসলিমবিরোধী বক্তব্যও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

সব অভিযোগের বিপরীতে ভারত সরকার বরাবরই ধর্মীয় বৈষম্যের অভিযোগ অস্বীকার করে আসছে। সরকারের দাবি, খাদ্য ভর্তুকি, বিদ্যুতায়নসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মসূচির সুবিধা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ পাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।