আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’: দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন রাজ্যটির বিজেপি সরকারের গ্রাম ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে এ উদ্যোগে কারও আপত্তি থাকলে তাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর এমন মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ-গুজরাট বানাব, আপত্তি থাকলে বাংলাদেশে চলে যান’: দিলীপ ঘোষ…….

বুধবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং এনকাউন্টার নিয়ে কথা বলেন বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও এনকাউন্টার করা হবে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে বুলডোজার অভিযানও অব্যাহত থাকবে।

এনকাউন্টার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে দিলীপ ঘোষ বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এ ধরনের অভিযান চলছে। যাদের সাহস বা সক্ষমতা নেই, তারাই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে না। বরং তারা অপরাধীদের সঙ্গে আপস করে। তবে বিজেপি সরকার অপরাধীদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না।

তবে তাঁর সবচেয়ে আলোচিত মন্তব্যটি আসে পশ্চিমবঙ্গের ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক পরিচয় নিয়ে প্রশ্নের জবাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে উপেক্ষা করে রাজ্যটিকে উত্তরপ্রদেশের আদলে গড়ে তোলার চেষ্টা চলছে। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ হলে আপত্তি ছিল না, উত্তরপ্রদেশ হলে সমস্যা কোথায়? যাদের আপত্তি রয়েছে, তারা বাংলাদেশে চলে যেতে পারেন। বিনা ভিসায় পাঠানোর ব্যবস্থা করা হবে, দরজাও খুলে দেওয়া হবে।

এরপর আরও কঠোর ভাষায় তিনি বলেন, পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের মতো করে গড়ে তোলা হবে। এ পথে কেউ বাধা দিতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

দিলীপ ঘোষের এ বক্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাঙালি পরিচয়, আঞ্চলিক সংস্কৃতি ও রাজ্যের নিজস্ব ঐতিহ্য রক্ষার প্রশ্নটি আবারও আলোচনায় এসেছে।

উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালির সংস্কৃতিবিরোধী রাজনীতির অভিযোগকে বড় ইস্যু হিসেবে তুলে ধরেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বিষয়টি রাজনৈতিক প্রচারে বিশেষ গুরুত্ব পায়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই দিলীপ ঘোষের এমন মন্তব্য রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।