বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের
বিতাড়িত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং দেশকে আবারও পরনির্ভর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের….
তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে এখন এক মঞ্চে দাঁড়াতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রায় ৩৮ মিনিটের বক্তব্যে তিনি আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, নাশকতার অভিযোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করতে নারাজ প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার সন্ত্রাসী পরিচয় তুলে ধরেছে। দেশে-বিদেশে বিভিন্ন সহিংস ঘটনায় তাদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, সরকার যখন দেশকে স্বনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে, তখনই পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। অতীতে হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও তাদের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যের ডাক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আবারও হুমকির মুখে ফেলার চেষ্টা চলছে।
এ পরিস্থিতিতে সংসদে প্রতিনিধিত্বকারী সব গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা রাজনৈতিক শক্তিগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় সব গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সময় সংসদে উপস্থিত সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি রাজনৈতিক স্লোগান স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, প্রায় তিন দশক আগে খালেদা জিয়া যে আওয়াজ তুলেছিলেন, আজ আবারও সেই আওয়াজ উচ্চারণ করতে হবে—‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার দায়িত্ব দেশের জনগণের। কোনো অপশক্তির হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। জনগণ আর কোনো তাবেদারি শক্তিকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না।
সহিংসতা ও নাশকতার অভিযোগ তুলে ধরলেন প্রধানমন্ত্রী
বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাম্প্রতিক বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামের সঙ্গে দুর্ব্যবহার এবং ইতালিতে বাংলাদেশের এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাগুলো উদ্বেগজনক।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং তাদের হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেদের রাজনৈতিক পরিচয় হারিয়ে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করেছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে মদদ দিচ্ছে, তাদের অবস্থানও দেশের স্বাধীনতাকামী মানুষের বিপক্ষে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগ দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে। কোনো বিদেশি শক্তির বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ কিংবা গণ-অভ্যুত্থানে অংশ নেয়নি।
আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় এলাকায় থাকার নির্দেশ বিএনপির এমপিদের
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও নাশকতার অভিযোগ মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদের অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের এলাকায় অবস্থান নেওয়ার কথা বলেন তিনি। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও সংসদনেতা তারেক রহমান। সভা পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান।
বৈঠকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। একই সঙ্গে আত্মীয়স্বজনের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পর্যায়ে দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বিএনপিকে শান্তিতে থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছিল। তাদের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ড সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সে অনুযায়ী তাদের মোকাবিলা করতে হবে।
প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের অনেক কর্মকর্তা তাদের নির্দেশনা ও বক্তব্য যথাযথভাবে গুরুত্ব দিচ্ছেন না।
জবাবে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, বিএনপির সংসদ সদস্যরা এখন সরকারদলীয় প্রতিনিধি। প্রশাসন তাদের কথা শুনছে না—এমন অভিযোগ তোলার আগে নিজেদের দায়িত্ব ও অবস্থান সম্পর্কে সচেতন হতে হবে।
তিনি বলেন, অতীতে এই প্রশাসনের বিরুদ্ধেই আন্দোলন-সংগ্রাম করে বিএনপি আজকের অবস্থানে এসেছে। প্রশাসনের কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করলে বা সংসদ সদস্যদের কথা না শুনলে বিষয়টি তাকে জানাতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের উসকানি সত্ত্বেও সরকার এখন পর্যন্ত অতিরিক্ত বল প্রয়োগ করেনি। তবে দেশের কোথাও নৈরাজ্য ও সহিংসতা বরদাশত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
‘জনগণ কেন তাদের সমর্থন করবে?’
বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে, আর ক্ষমতার বাইরে থেকেও মানুষের বাড়িঘরে আগুন ও নাশকতার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে।
তিনি দাবি করেন, ক্ষমতায় টিকে থাকতে মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছিল। তাদের মধ্যে অনেকে দৃষ্টিশক্তিও হারিয়েছেন।
প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, অতীতের এসব কর্মকাণ্ডের পর আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চাইলেও জনগণ কেন তাদের সমর্থন করবে?
বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিপুল ভোটে বিএনপিকে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেককে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করবেন এবং যেকোনো নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে কাজ করবেন।
