জাতীয়

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন


দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন….

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে গঠিত নতুন চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগের প্রস্তাব অনুযায়ী মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের কথা থাকলেও নতুন সিদ্ধান্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় তা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উত্থাপন করা হয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।

এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা পাওয়ার সুযোগও বাড়বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।