ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। শক্তিশালী এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতেও।
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও….
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি। খবর আনাদোলুর।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ভূমিকম্পটির কম্পন ইন্দোনেশিয়ার সীমান্ত ছাড়িয়ে অস্ট্রেলিয়াতেও অনুভূত হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে তানিমবার দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এর পর দেশটির বিভিন্ন এলাকার কয়েক শ বাসিন্দা কম্পন অনুভব করার কথা জানান।
অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, বান্দা সাগরের প্রায় ২৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। কম্পন অনুভবের বিষয়ে অস্ট্রেলিয়ার বাসিন্দাদের কাছ থেকে ৩৮০টিরও বেশি প্রতিবেদন জমা পড়েছে।
তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে প্রাথমিক তথ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। প্রাথমিক ভূকম্পনসংক্রান্ত এক তথ্যে এর মাত্রা ৭ দশমিক ৪ উল্লেখ করা হয়। ওই তথ্যে উৎপত্তিস্থল হিসেবে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমের একটি এলাকাকে চিহ্নিত করা হয়েছিল।
অন্যদিকে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে দেশটির মূল ভূখণ্ড কিংবা দ্বীপাঞ্চলে সুনামির কোনো আশঙ্কা নেই।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ভূমিকম্প ও আগ্নেয়গিরিপ্রবণ এলাকা। এ অঞ্চলে কয়েকটি টেকটোনিক প্লেটের সক্রিয় অবস্থান ও পারস্পরিক সংঘর্ষের কারণে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।
