ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
এক দিনের সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান….
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের বাসা থেকে রওনা হওয়ার পর প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী অতিক্রম করে ফেনীর পথে রয়েছে। ফেনীতে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ফেনীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান…..
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মানী প্রদান করা হবে।
সফরের মধ্যাহ্নে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
নির্বাচনের পর ফেনীতে প্রথম সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ফেনীতে এটিই প্রথম সফর।
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন তিনি।
