রাজনীতি

রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: জামায়াত আমির

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে এ বিষয়ে উত্থাপিত নোটিশের যথাযথ জবাব না পাওয়া গেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে।

রাষ্ট্রীয় সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জানতে চায় জাতি: জামায়াত আমির…

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে কী ঘটছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। তবে সেসব নোটিশের জবাব পাওয়া না গেলে জনগণের আদালতেই বিষয়গুলো তুলে ধরতে হবে।

এ সময় দলের দায়িত্বশীল নেতাকর্মীদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত রাখার আহ্বান জানান তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ় থাকবে এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

বক্তব্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি। শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি। এ প্রশ্নে জামায়াতের অবস্থান অপরিবর্তিত থাকবে।

দেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা সন্ত্রাসের জায়গা দেখতে চায় না জনগণ।

দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশ ও জাতি বর্তমানে নানা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একইভাবে জামায়াতকেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতিতে দলের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তিকে স্বচ্ছতা, জবাবদিহি ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নৈতিকতা, আদর্শ এবং দ্বীনি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।

সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে দলের ২০২৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।