আন্তর্জাতিক

কুয়েত-বাহরাইনে ইরানি ড্রোন হামলা, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। এবার ড্রোন হামলার শিকার হয়েছে কুয়েত। একই সময়ে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা ও সামুদ্রিক মাইনের আঘাতে জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।

কুয়েত-বাহরাইনে ইরানি ড্রোন হামলা, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত…….

মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতামূলক ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় হয়। এ সময় জনসাধারণকে নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, আকাশে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল। তবে ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে কিংবা হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা

কুয়েতের ঘটনার আগে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার খবর পাওয়া যায়। ওই হামলায় একটি মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছে ইরান। এর কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় কোনো আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। তবে ইরনা মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনার খবর প্রকাশ করে।

একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আগের হামলার জবাব হিসেবেই কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে আঘাত হানা হয়েছে।

বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম কিংবা কোনো কর্মীর ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে তারা।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক ড্রোনের মাধ্যমে বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাবে তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার ব্যবস্থার ওপর ‘নির্ভুল অভিযান’ চালিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। এ সময় রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দও শোনা যায়।

কয়েক সপ্তাহের বিরতির পর পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি তৃতীয় ইরানি ড্রোন হামলার ঘটনা। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর নতুন করে এই হামলার ঘটনা ঘটল। দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই শিয়া ধর্মীয় নেতা।

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, বাড়ছে নৌ-নিরাপত্তা ঝুঁকি

এদিকে হরমুজ প্রণালি ঘিরেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, মঙ্গলবার প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ নৌপথগুলো মাইনমুক্ত করার দাবি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশের গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করছে মার্কিন বাহিনী।

নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, সোমবার ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের একটি ট্যাংকার আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে ভ্যানগার্ড ও ভারতের বন্দরমন্ত্রী জাহাজটির ২৫ জন ক্রু, যাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়, নিরাপদে থাকার কথা জানান। তবে পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজটি দ্বিতীয়বার হামলার শিকার হয়েছে এবং ক্রুরা নিখোঁজ রয়েছেন।

পরবর্তী সময়ে ভারতের বন্দরমন্ত্রী জানান, দ্বিতীয় হামলার পর ক্রুরা জাহাজটি ছেড়ে চলে যান। তবে একজন ভারতীয় নাবিকের এখনো খোঁজ পাওয়া যায়নি।

এ ছাড়া সোমবার ওমান উপকূলে পানামার পতাকাবাহী ‘অন ফিনিক্স’ নামের আরেকটি ট্যাংকার অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা

সামরিক উত্তেজনার পাশাপাশি সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে বৈঠক হয়েছে। এতে হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা এবং সংকট সমাধানে সম্ভাব্য কূটনৈতিক পথ নিয়ে আলোচনা করেন তাঁরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এদিকে বৃহস্পতিবার চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধও অন্তর্ভুক্ত রয়েছে।

সব মিলিয়ে কুয়েত, বাহরাইন ও হরমুজ প্রণালিকে ঘিরে একের পর এক সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।