জুলাইপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা, সন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে দ্রুত সংলাপে বসানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দল ও জোটের নেতারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে তারা সরকারকে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।
জুলাইপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দ্রুত সংলাপের তাগিদ……
ক্ষমতাসীন বিএনপিও বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আগ্রহী। তবে এখনো আলোচনার নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। রাজনৈতিক সূত্রগুলোর ধারণা, চলতি নভেম্বর মাসের শেষদিকে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলায় গণতন্ত্রপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বুধবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র প্রতিহত করতে দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া এখন সময়ের দাবি।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের আগেই সংসদ ভবনে তাঁর সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার মাগরিবের নামাজের আগে প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিটের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এবং সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে বিরোধীদলীয় নেতা মিছিলের পরিবর্তে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের মাধ্যমে ঐক্য সুদৃঢ় করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁর প্রস্তাব ছিল, রাজনৈতিক আলোচনার মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে একটি কার্যকর অবস্থানে নিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানাননি।
ঐক্যের আগে সংলাপ চায় বিরোধী জোট
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও দ্রুত সংলাপ আয়োজনের দাবি জানিয়েছে।
শুক্রবার রাজধানীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হলে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে সংলাপের কোনো বিকল্প নেই।
একইভাবে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাঁর মতে, দেশের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে সংকটের সমাধান খুঁজতে হবে।
তবে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কিছু শর্ত সামনে এনেছে। তাদের মতে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা এই বিষয়গুলো তুলে ধরেছেন বলে জানিয়েছেন জামায়াতের এক সংসদ সদস্য। তাঁর বক্তব্য অনুযায়ী, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই অতীতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য আরও শক্তিশালী করা সম্ভব। তবে এর জন্য গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বাবানের পরদিন বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জানান, সরকারপ্রধানের আহ্বানে বিরোধীদলীয় নেতা প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। তবে সরকার গণভোটের রায় উপেক্ষা করার অবস্থান থেকে সরে আসবে বলে তাঁরা আশা করছেন।
মামুনুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। নতুন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে এর ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
ঐক্যের ভিত্তি কী হবে, জানতে চায় এনসিপি
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি মনে করে, শুধু ঐক্যের ডাক দিলেই হবে না; এই ঐক্যের রাজনৈতিক ভিত্তি, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও স্পষ্ট করতে হবে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো ঐক্যবদ্ধ উদ্যোগে তাঁদের দল অংশ নেবে। তবে জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্ন, সংস্কার কর্মসূচি এবং গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়ের বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আগে থেকেই রয়েছে। তবে সেটিকে রাজপথে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে হলে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোর সুরাহা করতে হবে। পাশাপাশি এই ঐক্য কতটা দীর্ঘস্থায়ী হবে, সে বিষয়েও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
রাজপথে সক্রিয় বিএনপি, কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত ও এনসিপি
রাজনৈতিক সংলাপের উদ্যোগ নিয়ে আলোচনা চললেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় রাজপথে সক্রিয় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
ক্ষমতাসীন বিএনপি ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অন্যদিকে, পৃথক কর্মসূচি নিয়ে আজ শনিবার রাজপথে নামছে জামায়াতে ইসলামী। এনসিপি আগামী সোমবার থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু করবে। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও কর্মসূচি ঘোষণা করেছে।
জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। আজ শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে দলটি।
কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির মাঠে দাঁড়াতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে তাদের আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ। কোনোভাবেই সহিংসতার পথ তৈরি করতে চায় না দলটি।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। আগামী সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে দলটি। পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন এনসিপির নেতাকর্মীরা।
সংলাপের অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন
সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে বিরোধী দলগুলো সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলার ওপর জোর দিচ্ছে, অন্যদিকে বিএনপিসহ বিভিন্ন দল নিজ নিজ কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, প্রস্তাবিত ঐক্যের ভিত্তি কী হবে এবং জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও সংস্কার প্রশ্নে সরকার কতটা স্পষ্ট অবস্থান নেয়। এসব বিষয়ে সমঝোতা হলে জাতীয় ঐক্যের উদ্যোগ বাস্তব রূপ পেতে পারে।
এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান ও মতপার্থক্য কাটিয়ে সরকার কবে আনুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নেয় এবং সেই আলোচনার মধ্য দিয়ে রাজনীতিতে একটি কার্যকর ঐক্যের পরিবেশ তৈরি হয় কি না।
