মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী কর্মী ছাড়াও ইউরোপ ও আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী রয়েছেন, যারা হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হয়ে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নেন। তিনি সরেজমিনে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নেওয়া সহায়তামূলক পদক্ষেপগুলো তদারকি করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে বর্তমান অবস্থা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি অবহিত করেন। তিনি জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথভাবে যাত্রীদের থাকা ও খাবারের ব্যবস্থা করছে।
মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অন্তত ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সিভিল এভিয়েশন প্রায় ৮০০ জনের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে। ওমানের মাস্কাটগামী ৫৩ জন যাত্রী, যারা সিলেট থেকে ঢাকায় এসেছিলেন, তাদের ফ্লাইট বাতিল হওয়ায় হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেহরির ব্যবস্থাও করা হয়েছে এবং পরদিন তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সিলেটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এ সিদ্ধান্তে বিমানবন্দরে চরম ভোগান্তির সৃষ্টি হয়। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে অনিশ্চয়তা কাটছে না।
