সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উন্নতির ধারাবাহিকতায় তাকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার ভোরে চিকিৎসক দল তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি এখন অনেকটাই শঙ্কামুক্ত এবং সীমিত পরিসরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে ১৩ মার্চ তার মস্তিষ্কে প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন।
