দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন: নতুন বাস্তবতায় বিএনপির সামনে কঠিন সমীকরণ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি। এবার নির্বাচন হবে দলীয় প্রতীক ছাড়া, ফলে শুধু দলের পরিচয়ে নয়—প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তাই হয়ে উঠবে বিজয়ের প্রধান নিয়ামক। একই সঙ্গে প্রশাসনিক সহায়তা বা প্রভাব খাটিয়ে নয়, বরং জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই নির্বাচনে জয়ের বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ অবস্থায় ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে দলীয় কোন্দল নিরসন, একক প্রার্থী নির্ধারণ, বিদ্রোহী প্রার্থী সামাল দেওয়া এবং ভোটারদের আস্থা অর্জন এখন দলটির বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় নির্বাচন: নতুন বাস্তবতায় বিএনপির সামনে কঠিন সমীকরণ……….
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচনে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও সামাজিক গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এই বাস্তবতায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক স্থানীয় প্রভাবশালী ও ‘ক্লিন ইমেজ’সম্পন্ন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে জামায়াত বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মাঠে কাজ শুরু করেছে। অন্যদিকে এনসিপিও প্রায় ১০০ উপজেলা ও পৌরসভায় নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ফলে রাজনৈতিক মাঠে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে দলের প্রতি ত্যাগ, সাংগঠনিক ভূমিকা এবং ব্যক্তিগত ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
দলটির শীর্ষ নেতাদের মতে, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি হওয়ায় সামান্য অভ্যন্তরীণ বিরোধ থাকলেও তা দ্রুত সমাধান করা সম্ভব। ইতোমধ্যে তৃণমূল পর্যন্ত দলীয় ঐক্য বজায় রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার মনে করেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বিতা তত বাড়বে। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা।
সরকারি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সম্প্রতি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন—প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কাউকে নির্বাচিত করে আনার দায়িত্ব নেবে না। প্রার্থীদের জনগণের দ্বারে দ্বারে গিয়ে আস্থা অর্জন করতে হবে।
তার এই বার্তাকে দলের নেতারা একদিকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত হিসেবে দেখছেন, অন্যদিকে এটিকে বড় চ্যালেঞ্জ বলেও মনে করছেন। কারণ দীর্ঘ দেড় দশক পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চাপ এখন সরাসরি বিএনপির ওপর।
দলীয় সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বিদ্রোহী প্রার্থীর ঝুঁকিও রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্রভাবে মাঠে থাকলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দল কোনো চ্যালেঞ্জ দেখছে না। তার ভাষায়, “মূল বিষয় হলো নির্বাচন সুষ্ঠু হওয়া। জনগণের ভোটের অধিকার নিশ্চিত হলেই বিএনপির প্রার্থীরা প্রতিযোগিতামূলক পরিবেশে লড়াই করবে।”
তৃণমূলের অনেক নেতা অবশ্য মনে করছেন, জামায়াতের আগাম প্রস্তুতি বিএনপির ওপর কিছুটা চাপ তৈরি করেছে। তাদের মতে, দ্রুত প্রার্থী চূড়ান্ত করা গেলে মাঠপর্যায়ে সংগঠন আরও সক্রিয় হবে।
বিশ্লেষকদের ধারণা, জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকারের নির্বাচন অনেক বেশি ব্যক্তি-নির্ভর। তাই এবারের নির্বাচন শুধু রাজনৈতিক দলের জনপ্রিয়তার নয়, বরং স্থানীয় নেতৃত্বের গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতারও বড় পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে।
