দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎভিত্তিক ‘সোলার প্ল্যান্ট’ স্থাপনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাখাতে উন্নয়ন ও আধুনিকায়নে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ ওমেরার সঙ্গে সোলার প্ল্যান্ট স্থাপনসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের জট ও সময়ক্ষেপণ দূর করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আগামী দিনে ১০ বছরের মধ্যে এসএসসি এবং ১২ বছরের মধ্যে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন করে কীভাবে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
তিনি বলেন, দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতেই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এ ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্পের মাধ্যমে ক্যাম্পাসে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে এবং নেট-জিরো ক্যাম্পাস গঠনের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এ ছাড়া অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেডের প্রতিনিধিরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
