Uncategorized

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মান, সমান সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “মানুষ চাইলে তার স্ত্রী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা সম্ভব নয়।” তাই ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের মূল নীতি হলো “সবার আগে বাংলাদেশ”। এই নীতিকে সামনে রেখেই সরকার দেশের মর্যাদা, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে।

স্ত্রী বদলানো সম্ভব, প্রতিবেশী নয়—সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর………..

তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক অবস্থান কিংবা বাণিজ্যিক সহযোগিতার ধরন কোনো একক সিদ্ধান্তের বিষয় নয়। এসব বিষয়ে সংসদীয় আলোচনা, সংবিধানের নীতি এবং রাষ্ট্রের পররাষ্ট্র কৌশলকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত চার থেকে পাঁচ মাসে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। তার দাবি, সরকারি নথি অনুযায়ী এ সময়ে কাউকে অবৈধভাবে ‘পুশ-ইন’ করা সম্ভব হয়নি। পাশাপাশি সীমান্তে বিজিবির সদস্যরা আগের তুলনায় আরও বেশি সতর্ক ও সক্রিয় রয়েছেন। প্রয়োজন হলে তারা আত্মরক্ষার্থে পাল্টা গুলিও ছুড়ছেন বলে তিনি সংসদকে অবহিত করেন।

জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ নেই। তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, দেশের স্বার্থ রক্ষার ক্ষেত্রেও সেই একই দৃঢ় ঐক্য বজায় থাকবে।

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের ভেতরে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। ঐক্যবদ্ধ জাতীয় শক্তিই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *