সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারসংকট নিয়ে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংকটের প্রকৃত কারণ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংকটকে কেন্দ্র করে কেউ যাতে বিভ্রান্তি বা অপপ্রচার চালাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী…..
গতকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শেষ হয় বেলা সোয়া ১টায়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সারসংকটের প্রকৃত কারণ তুলে ধরতে হবে সংসদ সদস্যদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি জনগণকে জানাতে হবে। সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রিফিং
বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের ব্রিফ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে রাতারাতি পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে লোডশেডিংয়ের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করা হবে।
দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে
সার পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের কাছে সার সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী……
সার নিয়ে কেউ যাতে নাশকতা, কারসাজি বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়েও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। তিনি জানান, সার সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে উপজেলাভিত্তিক কমিটি গঠন করা হবে। কোনো এলাকায় সারের ডিলার পলাতক থাকলে সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
‘মব কালচার’ নিয়ে সতর্কতা
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় ‘মব কালচার’ বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে দলের নেতা-কর্মীদের বিরত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী…
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা সরকারবিরোধীদের মাঠ তৈরি করার সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে তিনি বলেন, আইন নিজের গতিতে চলবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী…
বৈঠকে কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী মতের নেতা-কর্মীদের নির্যাতনের সঙ্গে জড়িত অনেক পুলিশ কর্মকর্তা এখনো দায়িত্বে রয়েছেন। তাঁদের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ থাকা পুলিশ কর্মকর্তাদের সুনির্দিষ্ট নামের তালিকা সংসদ সদস্যদের দেওয়ার অনুরোধ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে থাকার নির্দেশ
বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেন। পাশাপাশি সরকারের বিরুদ্ধে অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থেকে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
সংকটের প্রকৃত কারণ জনগণকে জানান: প্রধানমন্ত্রী…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দল-সমর্থিত সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন বিএনপিপ্রধান। দলের নেতা-কর্মীদের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা বিরোধ তৈরি না করার ব্যাপারেও তিনি সতর্ক করেন।
