তারেক রহমানের ভারত সফর নিয়ে নির্দিষ্ট তথ্য নেই: নয়াদিল্লি
আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি না গেলে অন্য কোনো প্রতিনিধি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন কি না—এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছে ভারত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন।
১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে জয়সোয়াল বলেন, এ মুহূর্তে জানানোর মতো নির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই।
তারেক রহমানের ভারত সফর নিয়ে নির্দিষ্ট তথ্য নেই: নয়াদিল্লি….
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তিনি কোনো উদ্বেগ জানিয়েছেন কি না—এ সম্পর্কেও ভারত অবগত নয় বলে জানান জয়সোয়াল। শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এর পাশাপাশি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তারেক রহমানের ভারত সফর নিয়ে নির্দিষ্ট তথ্য নেই: নয়াদিল্লি…
তবে গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পর ঢাকা থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশ সফরের আগে দিল্লির কাছে দুটি শর্ত তুলে ধরে।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্তের আগে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়।
এর মধ্যে গত মাসের মাঝামাঝি সময়ে ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ২২-২৩ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন তারেক রহমান। সফর ঘিরে দুই দেশেই প্রস্তুতি চলার খবরও আসে। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেও সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বুধবার ঢাকায় এক ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীও বলেছিলেন, তারেক রহমানের ভারত সফরের সিদ্ধান্ত তার নিজের ওপরই নির্ভর করছে।
এর পর শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আবারও বিষয়টি সামনে আসে। তবে জয়সোয়ালের বক্তব্যে সফর বা ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।
জয়সোয়াল বলেন, ‘ব্রিকস সম্মেলনে (১২-১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এই মুহূর্তে জানানোর মতো নির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই।’ শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কেও তিনি বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
