বাংলাদেশ

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকার ফকির মার্কেটে মেট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে ফায়ার সার্ভিসের কর্মীরা পরে আরও কিছু সময় কাজ চালিয়ে যান।

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে…..

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাততলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত গার্মেন্টসটির গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট নয়টি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন ভবনটির তৃতীয় তলায় লাগলেও ধোঁয়ায় বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তখনো সেটি পুরোপুরি নির্বাপণ হয়নি।

তিনি বলেন, গুদামে বিপুল পরিমাণ ফেব্রিক্স থাকায় আগুন পুরোপুরি নেভাতে সেগুলো সরিয়ে সরিয়ে কাজ করতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে গিয়ে এখনো আগুনের কোনো উৎস বা লুকায়িত অংশ রয়েছে কি না, তা পরীক্ষা করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।