বাংলাদেশ

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পরিবারের সঙ্গে আত্মগোপনে থাকা অভিযুক্ত ইমন গ্রেপ্তার, আটক আরও ১৪

কুষ্টিয়া শহরে বাসার সামনে দিনদুপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে সে। এদিকে এ ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: পরিবারের সঙ্গে আত্মগোপনে থাকা অভিযুক্ত ইমন গ্রেপ্তার, আটক আরও ১৪….

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। বড় ভাই আকাশ থাকেন নেদারল্যান্ডসে। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ওই দিন বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল সে। ঠিক সেই সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হামলায় শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

পুলিশ জানায়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলাকারীকে শনাক্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তারে একাধিক দল মাঠে নামে। তদন্তে জানা যায়, ইমন পূর্ব মজমপুর এলাকার একটি বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত এবং সে নিজেও একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

হামলার পরপরই বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইমন। পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েও কাউকে পায়নি। তবে অব্যাহত নজরদারি ও একাধিক অভিযানের মাধ্যমে শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে আরও কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার বক্তব্য নেওয়া হবে। এরপর ঘটনার প্রকৃত কারণ ও পেছনের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

এদিকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় কুষ্টিয়াজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।

অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার পুকুরপাড়, জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে তল্লাশি চালানো হয়। মাত্র এক ঘণ্টার অভিযানে ১৪ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনদুপুরে একজন স্কুলছাত্রীর ওপর এমন হামলার ঘটনায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।