গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি, মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক
গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে গাজা সীমান্তের কাছে মার্কিন সামরিক তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। অন্যদিকে, অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি, মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক…
সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন বিদেশি সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এর আগে কয়েক ডজন বিদেশি সেনাকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানানো হলেও নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে গত আগস্টে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন নেতানিয়াহু।
ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। এর মধ্যে কাজাখস্তান চিকিৎসা ও লজিস্টিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, নিরাপত্তা ও পুলিশিং কার্যক্রমে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে কসোভো।
কয়েক মাস আগে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা সামনে এলেও ইসরায়েলের আপত্তি ও নানা জটিলতায় এখনো গাজায় তাদের প্রবেশ সম্ভব হয়নি। প্রস্তাবিত এই বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনারই অংশ।
সীমান্তে মার্কিন সামরিক তৎপরতা জোরদার
ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাহিনী কত দ্রুত গাজায় প্রবেশ করতে পারে এবং এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে দেশটির সামরিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ রয়েছে।
বিশেষ করে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ফলাফলের পর মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে পারেন—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ওয়ালাকে বলেন, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, যখন গাজায় ইসরায়েলের গাজা ডিভিশনের চেয়েও বড় হয়ে উঠবে আন্তর্জাতিক বাহিনী। তাই মাঠপর্যায়ে প্রভাব ফেলতে পারে, এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি গাজা সীমান্তের কাছে মার্কিন সেনা ও বিভিন্ন দেশের কর্মকর্তাদের তৎপরতা দেখা গেছে। দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিকে ইতোমধ্যে সুরক্ষিত মার্কিন স্থাপনায় রূপান্তর করা হয়েছে।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বরাতে ওয়ালা জানায়, গত দুই সপ্তাহে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি কর্মকর্তাদের সীমান্ত এলাকায় চলাচল করতে দেখা গেছে। এসব তৎপরতাকে গাজার গভীরে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) মোতায়েনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
এ লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের দায়িত্বপূর্ণ এলাকার একটি নির্ধারিত ঘাঁটিতে যানবাহন ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ট্রাক, দ্রুতগতির সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা ও উদ্ধারকারী যান এবং মেশিনগানসজ্জিত সাঁজোয়া যান।
ঘাঁটিটি আগে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। পরে সেটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এর চারপাশে নিরাপত্তা জোরদার করতে গার্ড টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও আলোর ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শক্তিশালী করা হয়েছে সীমানাপ্রাচীর ও বেড়া। সেখানে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সশস্ত্র মার্কিন সেনারা।
পাঁচ দিন পর মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক
এদিকে কোনো অভিযোগ গঠন ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
রোববার মুক্তি পাওয়ার পর শাদেহ বলেন, তাকে আটকের ঘটনা শুধু একজন সাংবাদিককে লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নয়; বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর একটি রাজনৈতিক প্রচেষ্টা।
তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের সবচেয়ে কার্যকর জবাব হলো নিজেদের অবস্থানের প্রতি আরও দৃঢ় বিশ্বাস রাখা। কারণ, তারা যে পথে এগোচ্ছেন, সেটি সত্যের পথ। সাংবাদিক হিসেবে নিজের কাজ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
গত মঙ্গলবার বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাকে আটক করা হয়। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে রাখা হয়েছিল।
মানবাধিকারবিষয়ক সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদের সমর্থন দেওয়ার উদ্দেশ্যে বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল।
আবেদ আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে অংশ নেওয়ার পাশাপাশি আলজাজিরার বিশ্লেষক হিসেবেও তিনি কাজ করেন। এসব কার্যক্রমের পরই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
শাদেহের আইনজীবী ও আদালাহর মানবাধিকারবিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, ইসরায়েলি গণমাধ্যমে যেসব রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে নিয়মিত আলোচনা হয়, শাদেহও মূলত সেসব বিষয়েই কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, আটকের প্রথম দিন থেকেই স্পষ্ট ছিল, তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই।
সালিহ আরও জানান, কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে শাদেহর একটি প্রকাশ্য কথোপকথনই তার বিরুদ্ধে সন্দেহের অন্যতম ভিত্তি হিসেবে দেখানো হয়েছিল।
তার অভিযোগ, ফিলিস্তিনি পরিচয়ের কারণে রাজনৈতিক আলোচনা ও বাস্তবতা বিশ্লেষণকেও এখন অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিলিস্তিনিরা নিজেদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেই সেটিকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এমনকি শাদেহকে সাংবাদিক হিসেবে নয়, বরং রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এর আগে গত ৩ নভেম্বর রাতে জাফায় শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ সদস্যের একটি দল। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয়। পাশাপাশি তার মোবাইল ফোন, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়।
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি এবং একই সময়ে ফিলিস্তিনি সাংবাদিকের আটকের ঘটনাটি নতুন করে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি, আন্তর্জাতিক ভূমিকা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনাকে সামনে এনেছে।
