আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর, যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তেহরান

  1. ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করা হলেও হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।শনিবার (৭ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, কেশম দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত নিশ্চিত করা হলে আরও তথ্য প্রকাশ করা হবে।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপের সুজা এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় দুটি বস্তু আছড়ে পড়তে দেখেছেন। এর আগে দ্বীপটির আকাশে উড়োজাহাজের শব্দও শুনতে পেয়েছিলেন তারা।এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনা ভেস্তে গেছে—এমন খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম কার্যালয়।শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কাতারের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি আনতে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দোহা।অন্যদিকে, কেশম দ্বীপে বিস্ফোরণের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করে, দ্বীপটির আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।এর আগে শুক্রবারও কেশম দ্বীপের আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি করেছিল ইরানের গণমাধ্যম। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে ওই খবর প্রকাশ করা হয়।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে একের পর এক বিস্ফোরণ ও ড্রোন ভূপাতিত করার খবর ঘিরে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণ এবং ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাগুলোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।