টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম, ফেসবুক পোস্টে নিশ্চিত করলেন নিজেই
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ ২২ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ম্যাচ খেলার পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরে যাবেন তিনি। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম, ফেসবুক পোস্টে নিশ্চিত করলেন নিজেই……
এর আগে শনিবার বিকেলে মুশফিকের টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। পরে রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নিজেই অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
নিজের পোস্টে মুশফিক লিখেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
দীর্ঘ ক্রিকেটজীবনে পাশে থাকা পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক। বিশেষ করে মাঠে দর্শকদের ভালোবাসা ও সমর্থন যে তাঁর কাছে কতটা মূল্যবান, সেটিও তুলে ধরেছেন তিনি।
মুশফিক আরও লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখন পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে সাত হাজারেরও বেশি রান। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, দায়িত্বশীল ব্যাটিং ও লড়াকু মানসিকতার মাধ্যমে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি।
আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটে নিজের দীর্ঘ পথচলার ইতি টানবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তাঁর বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
