নিরাপদ পানি থেকে বঞ্চিত দেশের ৬৩ শতাংশ মানুষ
দেশে পানির উৎসের অভাব নেই। কিন্তু সেই পানি কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। দেশের প্রায় ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ অন্তত মৌলিক পানির সুবিধার আওতায় থাকলেও নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি পাচ্ছেন মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। অর্থাৎ দেশের ৬২ দশমিক ৯ শতাংশ মানুষ এখনো নিরাপদ পানির সব শর্ত পূরণ করে এমন পানি থেকে বঞ্চিত।
নিরাপদ পানি থেকে বঞ্চিত দেশের ৬৩ শতাংশ মানুষ…….
পরিবারের ব্যবহৃত পানিতে ক্ষতিকর ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং পানির উৎসে মাত্রাতিরিক্ত আর্সেনিকের কারণে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। উদ্বেগের বিষয় হলো, গত কয়েক বছরে পানিতে ই-কোলাইয়ের উপস্থিতি কমার পরিবর্তে বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের অক্টোবরে প্রকাশিত ‘প্রগতির পথে’ শীর্ষক এই প্রতিবেদনে দেশের পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পাশাপাশি পানির গুণগত মানের চিত্র তুলে ধরা হয়েছে।
পানিতে বাড়ছে জীবাণুর উপস্থিতি
জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৮৫ শতাংশ মানুষের পরিবারের ব্যবহৃত পানিতে ই-কোলাই ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৮১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে পানিতে জীবাণুর উপস্থিতি কমেনি; বরং বেড়েছে।
শুধু পরিবারের ব্যবহৃত পানিই নয়, পানির উৎসেও বাড়ছে জীবাণুদূষণ। জরিপে দেখা গেছে, দেশের ৪৭ দশমিক ১ শতাংশ পানির উৎসে ই-কোলাইয়ের উপস্থিতি রয়েছে। ২০১৯ সালে এই হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, পানির উৎস থেকে সংগ্রহের পর সংরক্ষণ ও ব্যবহারের বিভিন্ন পর্যায়ে অসচেতনতার কারণে পানিতে জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। ফলে উৎস থেকে পানি সংগ্রহের পাশাপাশি তা নিরাপদে সংরক্ষণ করাও জরুরি।
আর্সেনিকের ঝুঁকি কমলেও উদ্বেগ কাটেনি
দেশের নিরাপদ পানির ক্ষেত্রে আর্সেনিক এখনো বড় একটি চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মান অনুযায়ী, প্রতি লিটার পানিতে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১০ মাইক্রোগ্রাম বা ১০ পিপিবি। অথচ দেশের ১৫ দশমিক ১ শতাংশ মানুষ এমন পানির উৎস ব্যবহার করছেন, যেখানে আর্সেনিকের মাত্রা এই সীমার বেশি।
অন্যদিকে, বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী প্রতি লিটার পানিতে ৫০ মাইক্রোগ্রামের বেশি আর্সেনিক রয়েছে—এমন উৎসের পানি ব্যবহার করছেন ৯ দশমিক ১ শতাংশ মানুষ।
তবে ২০১৯ সালের তুলনায় আর্সেনিকের ঝুঁকি কিছুটা কমেছে। ওই বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে বেশি আর্সেনিকযুক্ত পানির উৎস ব্যবহারকারীর হার ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। আর জাতীয় মানদণ্ড অনুযায়ী এই হার ছিল ১১ দশমিক ৮ শতাংশ।
অর্থাৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিপুলসংখ্যক মানুষের জন্য আর্সেনিক এখনো নীরব স্বাস্থ্যঝুঁকি হয়ে রয়েছে।
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার শঙ্কা
পানির গুণগত মানের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো লবণাক্ততা। জরিপে দেখা গেছে, দেশের ১ দশমিক ১ শতাংশ মানুষ এমন পানির উৎসের ওপর নির্ভরশীল, যেখানে লবণাক্ততার মাত্রা প্রতি সেন্টিমিটারে ৩ হাজার মাইক্রোসিমেন্সের বেশি।
বাংলাদেশের জাতীয় মানদণ্ডের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ের এই পরিসংখ্যান দিয়ে নির্দিষ্ট কোন জেলা বা অঞ্চলে লবণাক্ততার ঝুঁকি সবচেয়ে বেশি, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
নিরাপদ পানির আওতায় মাত্র ৩৭ শতাংশ মানুষ
বিশেষজ্ঞদের মতে, কোনো পানির উৎস উন্নত হলেই সেটিকে নিরাপদ বলা যায় না। নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি নিশ্চিত করতে কয়েকটি শর্ত পূরণ করা জরুরি। পানির উৎস বাড়ির ভেতরে বা আঙিনায় থাকতে হবে, প্রয়োজনের সময় পানি পাওয়া যেতে হবে এবং পানিতে ক্ষতিকর ই-কোলাই কিংবা নির্ধারিত সীমার বেশি আর্সেনিক থাকা যাবে না।
জরিপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ১০ পিপিবি আর্সেনিক সীমা বিবেচনায় দেখা গেছে, এসব শর্ত পূরণ করে এমন পানি পাচ্ছেন দেশের মাত্র ৩৭ দশমিক ১ শতাংশ মানুষ। অন্যদিকে, বাংলাদেশের জাতীয় মানদণ্ডে ৫০ পিপিবি সীমা বিবেচনায় নিরাপদভাবে ব্যবস্থাপিত পানি ব্যবহারের হার ৩৯ দশমিক ৪ শতাংশ।
পানির গুণগত মান যাচাইয়ের জন্য জরিপে ৬ হাজার ২৯৮টি পরিবার নির্বাচন করা হয়েছিল। এর মধ্যে ৬ হাজার ১০৬টি পরিবারের পানির নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। প্রতিটি জরিপ ক্লাস্টার থেকে দৈবচয়নের ভিত্তিতে দুটি পরিবারকে পানির গুণমান পরীক্ষার জন্য বাছাই করা হয়েছিল।
সচেতনতা ও নিয়মিত পরীক্ষার ওপর গুরুত্ব
নিরাপদ পানির সংকটের পেছনে অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি অসচেতনতা ও স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. এম. রেজাউল ইসলাম বলেন, অপরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পানি সংরক্ষণ না করার কারণে অনেক সময় পানিতে জীবাণুর সংক্রমণ ঘটে। কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই বিষয়টি বুঝতে পারেন না।
তিনি বলেন, আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় নিয়মিত পানির গুণগত মান পরীক্ষা করা জরুরি। এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
অধ্যাপক রেজাউল ইসলাম আরও বলেন, দেশের অনেক মানুষ জানেন না, তাঁরা যে পানি প্রতিদিন পান করছেন, তাতে আর্সেনিক রয়েছে কি না। সচেতনতার অভাবেই দীর্ঘদিন ধরে এ সমস্যা রয়ে গেছে। দেশে প্রায় ৩০ বছর ধরে আর্সেনিকের সমস্যা থাকলেও এখনো এ বিষয়ে মানুষের মধ্যে পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি।
সব মিলিয়ে, দেশের মানুষের জন্য পানির প্রাপ্যতা বাড়লেও নিরাপদ পানির নিশ্চয়তা এখনো বড় চ্যালেঞ্জ। জীবাণুদূষণ, আর্সেনিক ও লবণাক্ততার ঝুঁকি মোকাবিলায় পানির উৎস সংরক্ষণ, নিয়মিত গুণগত মান পরীক্ষা, নিরাপদ সংরক্ষণব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ জোরদার করা প্রয়োজন। কারণ নিরাপদ পানি শুধু মৌলিক চাহিদা নয়, এটি সুস্থ ও নিরাপদ জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত।
