সরকারের নির্লিপ্ততা স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য লজ্জাজনক: নাহিদ ইসলাম
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকিসংবলিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কূটনৈতিক উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, অর্জুন সিংয়ের এমন উদ্ভট ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্যের পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ দেখা যায়নি। সরকারের এই নির্লিপ্ততা দেশের স্বাধীন, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী পররাষ্ট্রনীতির জন্য অত্যন্ত লজ্জাজনক।পোস্টে তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মাতৃভূমিকে নিয়ে এমন মন্তব্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি চরম অবমাননা।নাহিদ ইসলাম এ বক্তব্যের জন্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি, তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।তিনি আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ভারত সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।বাংলাদেশের অতীত রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত একতরফা সুবিধা ভোগ করেছে। তবে সেই পরিস্থিতি আর ফিরে আসবে না। দেশের ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।ভারতের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করে দেখা কিংবা প্রক্সি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের অখণ্ডতার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত। দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণ সবসময় সজাগ থাকবে।
