আশুলিয়ায় আন্ডারপাস থেকে পাঁচটি শক্তিশালী ককটেলসদৃশ বস্তু উদ্ধার
সাভারের আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ডসংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেকে পলিথিনে মোড়ানো পাঁচটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আশুলিয়ায় আন্ডারপাস থেকে পাঁচটি শক্তিশালী ককটেলসদৃশ বস্তু উদ্ধার…….
স্থানীয়দের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আন্ডারপাসটি ঘিরে ফেলে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও সেখানে উপস্থিত হন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর আওতায় নেওয়া হয় এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কয়েকজন পথচারী আন্ডারপাসের ভেতরে পলিথিনে মোড়ানো সন্দেহজনক বস্তুগুলো দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বস্তুগুলোর গায়ে লাল ও কালো রঙের টেপ লাগানো ছিল। এগুলো দেখতে ককটেলের মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল, নাকি অন্য কোনো বিস্ফোরকসদৃশ সামগ্রী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ জন্য বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলের পরীক্ষার আগে বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
