বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট
- বিদেশি কোনো আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেই তা বাংলাদেশের ভূখণ্ডে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করার আইনগত সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন হাইকোর্ট। বিদেশি রাষ্ট্রের কোনো ব্যক্তিকে গ্রেফতার, প্রত্যর্পণ কিংবা হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে যথাযথ সরকারি ও কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ আসা বাধ্যতামূলক।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আবেদনসংক্রান্ত এক রিট মামলার আদেশে এ পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলায় এ অভিমত দেন। সম্প্রতি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান জেরাব এলএলসির করা অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমকে ২০২২ সালে এক বছরের কারাদণ্ড দেন দুবাইয়ের একটি আদালত। একই সঙ্গে তাকে ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকা। ওই রায়ের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।মামলার বিচারপ্রক্রিয়া চলাকালে ফয়জুল আলম অনুপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জেরাব এলএলসি জানতে পারে, একজন ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিনি বাংলাদেশে গ্রেফতার হয়েছেন।এরপর তাকে সংযুক্ত আরব আমিরাতে প্রত্যর্পণ বা হস্তান্তরের উদ্যোগ নিতে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে প্রতিষ্ঠানটি। তবে আবেদনের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় জেরাব এলএলসি।রিটের শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ফয়জুল আলমকে দেশটিতে ফিরিয়ে নেওয়া প্রয়োজন। এ জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়ার আবেদন জানান তিনি।অন্যদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকতার হোসেন মো. আব্দুল ওয়াহহাব ও আল ফয়সাল সিদ্দিকী আদালতে শুনানি করেন। তারা জানান, ফয়জুল আলমকে প্রত্যর্পণ বা হস্তান্তরের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি। তাদের বক্তব্য ছিল, যথাযথ সরকারি বা কূটনৈতিক চ্যানেলে অনুরোধ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার সুযোগ নেই।উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, রিট আবেদনকারী জেরাব এলএলসি একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদেশি আদালতের পরোয়ানা কার্যকরের আবেদন করেছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ সরকারি বা কূটনৈতিক চ্যানেলে প্রত্যর্পণ কিংবা হস্তান্তরের জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে—এমন কোনো তথ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়নি।আদালত আরও বলেন, কেবল একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাংলাদেশের কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য—এমন কোনো বিধানও রিটকারী প্রতিষ্ঠান দেখাতে পারেনি।হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, বিদেশি আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিজ ক্ষমতাবলে বাংলাদেশের ভূখণ্ডে কার্যকর হয়ে যায় না। এ ধরনের পরোয়ানার ভিত্তিতে কাউকে গ্রেফতার বা অন্য কোনো রাষ্ট্রে প্রত্যর্পণ কিংবা হস্তান্তরের জন্য বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয় না।এ ধরনের পদক্ষেপ নিতে হলে অবশ্যই বাংলাদেশের প্রযোজ্য আইন এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বিশেষ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া জরুরি।আদালত আরও উল্লেখ করেন, বিদেশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নির্দেশনা দেওয়ার মতো কোনো আইনগত বা সাংবিধানিক বাধ্যবাধকতা এ মামলায় প্রতিষ্ঠিত হয়নি।হাইকোর্টের এ পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, বিদেশি আদালতের রায় বা গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশে কার্যকর করার ক্ষেত্রে কেবল ব্যক্তিগত বা বেসরকারি আবেদন যথেষ্ট নয়। এ জন্য সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রকে যথাযথ সরকারি ও কূটনৈতিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক উদ্যোগ নিতে হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনের বিধান মেনেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
