আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। প্রতিবেদনটিতে গত আগস্ট পর্যন্ত মৃত্যুর হিসাব তুলে ধরা হয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি….

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজারের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকও রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

গত ১ নভেম্বর বেলারুশভিত্তিক হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের নেটওয়ার্কে প্রবেশের দাবি করে কিছু নথি প্রকাশ করে। পরে এসব তথ্য কয়েকটি সংবাদমাধ্যমের হাতে পৌঁছায়।

তবে রসস্ট্যাট জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের নেটওয়ার্কে সাইবার হামলা হয়েছিল। কিন্তু সংস্থাটির দাবি, তাদের তথ্যভান্ডার থেকে কোনো সুরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধান অনুযায়ী, রাশিয়ায় মৃত্যুর তথ্য নিবন্ধন করতে কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত হলে গত আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে।

ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাঁদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া সম্মুখযুদ্ধের এলাকায় কিংবা এর আশপাশে নিহত আরও প্রায় ১২ হাজার ব্যক্তির তথ্য পেয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। সব তথ্য পর্যালোচনা করে সংবাদমাধ্যমটি ধারণা করছে, যুদ্ধে রাশিয়ার নিহতের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আভদিভকা ও পোকরভস্ক অঞ্চলকে কেন্দ্র করে। এই দুই এলাকায় প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, বাখমুত এলাকায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় ৪৮ হাজার।

২০২৪ সালে আভদিভকা দখলের পর রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্কের দিকে অগ্রসর হয়। দীর্ঘ সংঘাতের পর ২০২৬ সালের শুরুতে শহরটি দখলে নেয় রাশিয়া। এর আগে ২০২৩ সালের মে মাসে রুশ বাহিনী ও ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের হাতে বাখমুতের পতন ঘটে।

নিহত সেনাদের বয়স বাড়ছে

যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়সও ক্রমশ বেড়েছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪০ বছরে।

নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার পুরুষ প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে প্রাণহানি বেশি

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে, রাশিয়ার তুলনামূলক দরিদ্র ও সংখ্যালঘু জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি।

সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠীর বসবাস বেশি এমন জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। অঞ্চলটির জনসংখ্যার অনুপাতে প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান এই সংখ্যা।

এ ছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০। সেখানে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

রাশিয়ার পক্ষে যুদ্ধে প্রাণ হারিয়েছেন বিদেশিরাও

ফিন্যান্সিয়াল টাইমসের হিসাব অনুযায়ী, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন নিহত হয়েছেন। তবে রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও হিসাবে অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা ১১ হাজার ৩৩৫ বলে জানিয়েছে ব্লুমবার্গ।

নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের ৮০৭ জন এবং তাজিকিস্তানের ৫৯৮ জন রয়েছেন। এ ছাড়া ৪৪ জন নেপালি ও ৯৮ জন কলম্বীয় নাগরিক নিহত হয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার পেছনে আর্থিক প্রলোভনকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার অনেক নাগরিককে রাশিয়ায় ভালো বেতনের বেসামরিক চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাঁদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।

অনলাইন চাকরির বিজ্ঞাপন ও স্থানীয় নিয়োগকারী এজেন্টদের মাধ্যমে বিদেশিদের আকৃষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এদিকে কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি করেছে মস্কো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।