নাশকতা ঠেকাতে কঠোর হচ্ছে সরকার, ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবে বিএনপি ও মিত্ররা
ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিকভাবেও মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।
নাশকতা ঠেকাতে কঠোর হচ্ছে সরকার, ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকবে বিএনপি ও মিত্ররা…..
সরকার ও প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অন্যদিকে, ডিসেম্বর পর্যন্ত রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলো। দলীয় সংসদ সদস্য থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শেষে বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় এমপিদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’
তিনি আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি রাজপথে ছিল। সামনের দিনগুলোতেও দলটি রাজপথে থাকবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির বার্তা, রাজপথ ছাড়বে না দল
৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির বড় র্যালিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন দলটির নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস দৈনিক ইত্তেফাককে বলেন, প্রতিবছরই দলটি এ ধরনের কর্মসূচি পালন করে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের বিশাল র্যালি বিশেষ তাৎপর্য বহন করে। বিএনপি অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধ করা হবে।
এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে। দেশের সাধারণ মানুষ পথে পথে ও মোড়ে মোড়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।
একই দিন বিকেলে রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করছেন। পাশাপাশি নাশকতার ঘটনায় জড়িত বা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তের ক্ষেত্রে স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন দলটির নেতাকর্মীরা।
মাঠে নামছে বিএনপির মিত্ররাও
নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।
এর অংশ হিসেবে আজ রোববার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে ১২ দলীয় জোট। আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।
জোটটির সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ দৈনিক ইত্তেফাককে জানান, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নাশকতার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিএনপির সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জোটটি।
নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ নির্দেশনা
এদিকে, গত বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তবে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায় না।
তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই সরকার দেশ পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মানবাধিকারের প্রতি সরকারের অবস্থানকে সুযোগ হিসেবে ব্যবহার করে পতিত শক্তি অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপতৎপরতা মানবাধিকারের সীমারেখার মধ্যেই প্রতিহত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর নাশকতায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো হয়েছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান জোরদার করেছে পুলিশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ইতোমধ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার এবং রেঞ্জ ডিআইজিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার, পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলা এবং শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং গণগ্রেপ্তারের অভিযোগ না ওঠে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি।
সব মিলিয়ে ডিসেম্বরকে ঘিরে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার ও ক্ষমতাসীন দলের মধ্যে বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। একদিকে নাশকতা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান, অন্যদিকে রাজপথে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা—দুই মিলিয়ে সামনের দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
