Uncategorized

গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা, ৫ জুন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন একটি শক্তির উত্থান ঘটেছে যারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না। গণতন্ত্রবিরোধী এসব অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার রাজধানীতে সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং প্রখ্যাত সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের………………

মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মূল্যবোধের সংকট স্পষ্ট হয়ে উঠেছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “দেশে গণতন্ত্রকে দুর্বল ও ধ্বংস করার জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রকামী সব শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে কিছু গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকেই নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যাতে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত না হতে পারে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রবিরোধী যেকোনো চক্রান্ত প্রতিহত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং প্রয়াত দুই গুণী ব্যক্তির কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *