ক্ষমতার দাপট নয়, জনগণের ভালোবাসাই রাজনীতির মূল শক্তি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কঠোর কিন্তু হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শুধু ক্ষমতায় আসার চিন্তা করে মানুষের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। রাজনীতির আসল শক্তি হলো মানুষের মন জয় করা।
বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি স্থানীয় আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের সতর্ক করে বলেন,
“মুই যদি জাহানে চুরি-চামারি শুরু করু, মানুষকে ধমকাও; তাহলে আর যাওয়া যাবে? গ্রামের মানুষ এগুলো পছন্দ করবে না।”
তার এই সরল অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
ক্ষমতার দাপট নয়, জনগণের ভালোবাসাই রাজনীতির মূল শক্তি: মির্জা ফখরুল………….
মির্জা ফখরুল আরও বলেন, দলের নেতাকর্মীদের উচিত সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আদর্শিক রাজনীতির চর্চা করা। তিনি বলেন,
“রাজনীতির মূল কথা হচ্ছে মানুষের হৃদয় জয় করা। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে, তাদের পাশে থাকতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।
এর আগে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় তিন মন্ত্রীকে সংবর্ধনা জানাতে বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে মির্জা ফখরুলসহ আমন্ত্রিত অতিথিরা উষ্ণ অভ্যর্থনা পান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের রাজনৈতিক অঙ্গনে যখন ক্ষমতার অপব্যবহার নিয়ে নানা আলোচনা চলছে, তখন মির্জা ফখরুলের এই বার্তা দায়িত্বশীল ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত বহন করে। বিশেষ করে তার আঞ্চলিক ভাষায় দেওয়া সতর্কবার্তা তৃণমূল রাজনীতিতে মানবিক ও জনমুখী নেতৃত্বের গুরুত্ব নতুন করে তুলে ধরেছে।
