সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ, ১৫ বছরের চুক্তি
সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি করেছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রির মূল্য, চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব অর্থ বিনিয়োগ ছাড়াই ভবনের ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।
সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ: বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ, ১৫ বছরের চুক্তি…..
নতুন ব্যবস্থায় বেসরকারি উদ্যোক্তারা সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। বিনিময়ে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে। বাকি বিদ্যুৎ বিক্রির মাধ্যমে বিনিয়োগের অর্থ তুলে নেবেন উদ্যোক্তারা। এ জন্য প্রাথমিকভাবে ১৫ বছর মেয়াদি চুক্তির বিধান রাখা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের জন্য সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলা।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারা যোগ্য প্রকল্পের উদ্বৃত্ত বিদ্যুৎ ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার সুযোগ রাখা হয়েছে। তবে বড় পরিসরে প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন রয়েছে।
ওপেক্স ও ক্যাপেক্স—দুই মডেলে বাস্তবায়ন
বিদ্যুৎ বিভাগের গত ১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) ও মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স)—দুই ধরনের মডেলে প্রকল্প বাস্তবায়নের শর্ত নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনটি ১ নভেম্বর থেকেই কার্যকর হয়েছে। এর আগে ১৯ অক্টোবর এ বিষয়ে বিশেষ অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনসহ উপযুক্ত স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা যাবে।
ওপেক্স মডেলে বেসরকারি উদ্যোক্তাই কেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সব ব্যয় বহন করবেন। সরকারি প্রতিষ্ঠান শুধু ছাদ ব্যবহারের অনুমতি দেবে। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন হলে প্রচলিত খুচরা মূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে কিনতে পারবে।
সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৩ টাকা ৮২ পয়সা ধরে ২০ শতাংশ ছাড়ের পর দাম দাঁড়াবে প্রায় ১১ টাকা ৬ পয়সা। বড় সরকারি দপ্তর বা কমপ্লেক্সের ক্ষেত্রে প্রতি ইউনিট ১২ টাকা ৫৪ পয়সা থেকে কমে হবে প্রায় ১০ টাকা ৩ পয়সা।
তবে শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের এলটি-ডি১ শ্রেণির গ্রাহকদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণের বিশেষ বিধান রাখা হয়েছে।
১৫ বছর পর বিনা মূল্যে হস্তান্তর
প্রজ্ঞাপন অনুযায়ী, সৌরবিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকে চুক্তির মেয়াদ গণনা করা হবে। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এ সময় কেন্দ্রের মালিকানা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হাতে।
চুক্তির মেয়াদ শেষ হলে সৌরবিদ্যুৎকেন্দ্রটি সংশ্লিষ্ট ভবনের মালিক সরকারি প্রতিষ্ঠানের কাছে বিনা মূল্যে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষ সম্মত হলে চুক্তি নবায়নের সুযোগ থাকবে।
উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক ও কারিগরি সক্ষমতা যাচাই করা হবে। যেসব প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের বেশি অংশ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে চূড়ান্ত উদ্যোক্তা নির্বাচন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধানও শিথিল করা হয়েছে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রের আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিশেষ সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়নি।
উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি, তিন বছর বিশেষ মূল্য
সরকারি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবহারের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এ ক্ষেত্রে নেট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। অবশিষ্ট ৯০ শতাংশ বিদ্যুতের মূল্য উদ্যোক্তার হিসাবে জমা হবে। বিতরণ সংস্থা প্রতি তিন মাস অন্তর উদ্যোক্তাকে বিল পরিশোধ করবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিডে সরবরাহ করা নেট বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাবে। এ সময়সীমা শেষ হলে সরকারের নির্ধারিত নতুন মূল্য কার্যকর হবে।
২০৩০ সালের মধ্যে ছাদে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বিদ্যুৎ বিভাগের জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০-এ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আরও ৪ হাজার ৫০০ মেগাওয়াট সক্ষমতা অর্জন করতে চায় সরকার।
কৌশলপত্রে উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২ হাজার মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে প্রায় ১২ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট সক্ষমতা প্রয়োজন হবে। অর্থাৎ বর্তমান সক্ষমতার বাইরে আরও প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট নতুন সক্ষমতা যুক্ত করতে হবে।
বড় বিনিয়োগ, বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ
সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। সে হিসাবে প্রতি মেগাওয়াট সক্ষমতা তৈরিতে গড় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা।
অন্যদিকে, উদ্যোক্তাদের অর্থায়নে সরকারের ঘোষিত প্রাথমিক তহবিলের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা। সম্ভাব্য মোট বিনিয়োগের তুলনায় এ অর্থের পরিমাণ মাত্র ৬ শতাংশ। ফলে বাকি অর্থের সংস্থান কীভাবে হবে, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, শুধু বিনিয়োগ নিশ্চিত করলেই এ উদ্যোগের সফলতা আসবে না। সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে সরকারি ভবনের ছাদের কাঠামোগত সক্ষমতা যাচাই, উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে ধুলাবালি জমে সৌর প্যানেলের উৎপাদন দক্ষতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ ছাড়া ১৫ বছর মেয়াদি চুক্তি, নির্ধারিত মূল্যে বিদ্যুৎ কেনা এবং বিভিন্ন প্রণোদনার কারণে ভবিষ্যতে সরকারের ওপর কী পরিমাণ আর্থিক দায় তৈরি হতে পারে, তা আগেই মূল্যায়ন করা প্রয়োজন। সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধান শিথিল করায় উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর উদ্যোগ দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অর্থায়ন, দক্ষ উদ্যোক্তা নির্বাচন, কারিগরি সক্ষমতা ও কার্যকর তদারকির সমন্বয় জরুরি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবে কত মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত করা সম্ভব হয়, তার ওপরই নির্ভর করবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য।
