আওয়ামী সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারের দুর্বলতার সুযোগে সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতার শিকার হচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
আওয়ামী সন্ত্রাসের শিকার হচ্ছে সাধারণ মানুষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম…..
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণে আবারও সাধারণ মানুষ সহিংসতার বলি হচ্ছে। খুন ও নাশকতায় জড়িত গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ফরিদপুরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালকের মৃত্যু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদেও ককটেল বিস্ফোরণে কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতির মধ্যেও সরকারের ভূমিকা দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তাঁর অভিযোগ, নিষিদ্ধ সংগঠনটির সহিংস কর্মকাণ্ড ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। ক্ষমতা গ্রহণের পর থেকেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রেও সরকার উদাসীনতার পরিচয় দিচ্ছে।
নাহিদ ইসলামের দাবি, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং জুলাইয়ের গণহত্যায় অভিযুক্ত ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের প্রত্যর্পণের বিষয়েও সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি।
তিনি আরও অভিযোগ করেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
পোস্টের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, কোনো সন্ত্রাসী শক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। দেশের প্রতিটি অঞ্চলে সহিংসতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
