কেন্দুয়ায় সীমানা বিরোধে বাবা-ছেলের ওপর হামলা, ছেলের মৃত্যু; বাবার অবস্থা সংকটাপন্ন
- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আবির হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তাঁর বাবা এনামুল হক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বজনরা।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আবির ওই গ্রামের এনামুল হকের ছেলে। তিনি এক সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে এনামুল হকের সঙ্গে তাঁর চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে এনামুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় এনামুল হক ও তাঁর ছেলে আবির গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আবিরের মৃত্যু হয়। তাঁর বাবা এনামুল হকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
