জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় একটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই এলাকায় এর পাশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, পাশে হবে কেন্দ্রীয় কারাগার: স্বরাষ্ট্রমন্ত্রী……
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেখানে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে সলিমপুরেই পুলিশ একাডেমি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘চট্টগ্রামে বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকার সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন নিশ্চিতে কাজ করা হচ্ছে। সলিমপুরেই নির্মাণ করা হবে পুলিশ একাডেমি এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।’
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সরকার কাজ করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি জানান, রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালীপাড়া ও রঙ্গিখালী এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা ঘটে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনআস্থা পুলিশ অর্জন করেছে। পুলিশের প্রতি জনআস্থা ধরে রাখাটাই আমাদের কাজ।’
