Uncategorized

জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই কেবল একটি মাসের নাম নয়; এটি গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অবিস্মরণীয় অধ্যায়। তাঁর ভাষায়, জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়—এটি সর্বস্তরের মানুষের।

বুধবার (৫ আগস্ট) দেওয়া ওই বিবৃতিতে ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণকারী সাহসী মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি পুরো জাতির: ড. মুহাম্মদ ইউনূস………..

তিনি বলেন, জাতির স্মৃতিতে জুলাই একটি দীর্ঘ মাস—৩৬ দিনের প্রতীকী অধ্যায়। এই সময়ের ঘটনাপ্রবাহ স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে বাঙালি জাতি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে।

ড. ইউনূস উল্লেখ করেন, আন্দোলনে সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, রিকশাচালক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পেশার সাধারণ নাগরিকও আন্দোলনের অংশ হয়ে উঠেছিলেন। সংঘাতময় ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে চিকিৎসকেরা আহতদের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের অসাধারণ সাহসিকতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, নারীদের এই দৃঢ়তা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাহসী নেতৃত্ব দেশের তরুণ সমাজকে দীর্ঘদিন অনুপ্রাণিত করবে।

জুলাই গণঅভ্যুত্থান থেকে জাতির শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে ড. ইউনূস বলেন, দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন সবচেয়ে শক্তিশালী ও দুর্ভেদ্য মনে হওয়া কাঠামোও পরিবর্তন করা সম্ভব। তিনি দেশের গণতান্ত্রিক চর্চা, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দৃঢ় সংকল্পের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *