দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ভেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটি মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় সামনে থাকা একটি রিকশাকে এড়াতে চালক হঠাৎ ব্রেক করলে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়।
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫….
দুর্ঘটনার পর বাসে থাকা প্রায় ৫০ জন যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাইওয়ে পুলিশ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের বের করে আনা হয়।
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫…..
দুর্ঘটনায় আহত ২৫ জনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
