পাবনায় সারজিস আলম: ‘আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে এবং দেশের মানুষকে এখন বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহরের বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পাবনায় সারজিস আলম: ‘আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’…………
সারজিস আলম বলেন, “আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। এখন দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।”
তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনে দুর্নীতি, দালালতন্ত্র এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা জরুরি। সাধারণ মানুষ যাতে সরকারি সেবা পেতে কোনো রাজনৈতিক নেতার সুপারিশের ওপর নির্ভরশীল না হন, সে ধরনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারজিস আলম বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে রাজনৈতিক প্রভাবের কারণে নানা অনিয়ম সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালের খাবার সরবরাহের টেন্ডারেও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিচালনা পর্ষদে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে, যা শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।
সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা ও ক্ষমতার অপব্যবহার নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে।
বিএনপির প্রসঙ্গ উল্লেখ করে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেই তাদের নেতা-কর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। জনগণের প্রতি সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।
এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন।
বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের অভিযোগও তোলেন সারজিস আলম। তিনি বলেন, প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের নয়, বরং রাষ্ট্র ও জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
