প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে তারেক রহমান
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সফরপথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। বিএনপির মিডিয়া সেলের দাবি, পথজুড়ে মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনায় সিক্ত হন প্রধানমন্ত্রী।
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে তারেক রহমান………
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সফরের নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ। এছাড়া বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সেখানে দলীয় সাংগঠনিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নগরীর বান্দরোডের বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তিনি।
