প্রথম দিনেই বড় সংখ্যক অনুপস্থিতি, বহিষ্কার ৬ পরীক্ষার্থী
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতি দেখা গেছে। সারা দেশে এদিন মোট ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য প্রকাশ করে। কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত নথি অনুযায়ী, এ বছর এসএসসি, দাখিল এবং ভোকেশনাল মিলিয়ে মোট ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন।
দেশজুড়ে মোট ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিনেই বড় সংখ্যক অনুপস্থিতি, বহিষ্কার ৬ পরীক্ষার্থী………….
এসএসসি অংশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা হয়। এতে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন এবং বহিষ্কার করা হয়েছে ২ জনকে।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। ৭৪১টি কেন্দ্রে অনুষ্ঠিত কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন শিক্ষার্থী।
সার্বিকভাবে, পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও অনুপস্থিতির হার উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
