রাষ্ট্রপতির পদ ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির পদকে কোনো ব্যক্তির পরিচয়ের ভিত্তিতে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে বিএনপি—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি সবসময় রাষ্ট্রপতির পদকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদায় দেখে এসেছে। তার ভাষায়, “আমরা রাষ্ট্রপতির পদকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখি। তিনি যথাযথ মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন।”
জুলাই অভ্যুত্থানের আগে মো. সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বৈরাচারী সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সে সময় তার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ছিল।
রাষ্ট্রপতির পদ ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে ৫ থেকে ৮ আগস্টের সংকটময় সময়ে রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রকে সাংবিধানিক ধারায় রাখার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই অবদান অবশ্যই প্রশংসার দাবিদার।”
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথ স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে পালন করতে দেওয়া হয়নি।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাস্থ্যগত কারণ বা অন্য যেকোনো কারণে পদত্যাগের সুযোগ রয়েছে। মো. সাহাবুদ্দিন সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তী ধাপে তা সরকারি গেজেটে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এ সময় পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো প্রক্রিয়াটি সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
