সীমান্তে কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।
মঙ্গলবার (১২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সীমান্তে কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী…………..
ঈদুল আজহাকে সামনে রেখে দেশব্যাপী জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কুরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি প্রতিরোধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বিশেষ হটলাইন চালু থাকবে।
চাঁদাবাজি বা যেকোনো অনিয়মের অভিযোগ জানাতে ১৬৬১১৩ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন বিশেষ মনিটরিং সেল সক্রিয় থাকবে। এসব সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করা হবে।
তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। এছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে।
