আন্তর্জাতিক

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছাপত্র

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছাপত্র….

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে সৌদি দূতাবাস এ সংবর্ধনার আয়োজন করে।

শুভেচ্ছাপত্রে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।

চিঠিতে সৌদি আরবের সঙ্গে বিশ্বের মুসলমানদের ধর্মীয় ও আবেগগত সম্পর্কের কথাও তুলে ধরা হয়। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা ও ব্যবস্থাপনায় সৌদি আরবের দায়িত্ব এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানদের হজ ও ওমরাহ পালনে দেশটির সহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়।

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছাপত্র…..

এ ছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে শুধু দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করে চিঠিতে দুই দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের কথা তুলে ধরা হয়। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে।

শুভেচ্ছাপত্রে বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *