সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পাঁচ দিন পর সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন……
আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ ২ হাজার টাকার মুচলেকায় আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য রয়েছে।
মামলার নথি ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার পরদিন, ২৭ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল।
