ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে শুল্ক হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমানো, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করা এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়ায় এই শুল্ক ছাড় দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানো হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করবে।
ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের…..
ট্রাম্প আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পারস্পারিক শুল্কসহ মোট শুল্ক চাপ কমছে।
এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, “আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে দারুণ লাগছে। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্তে আমি অত্যন্ত আনন্দিত।”
উল্লেখ্য, গত বছরের আগস্টের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যা পরবর্তীতে আরও বাড়ানো হয়। সে সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছিল।
