ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয়াপল্টনে বিএনপির সমাবেশ সোমবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় বড় ধরনের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মূলত ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। ঢাকার বাইরে ধারাবাহিক সমাবেশ শেষ করে রাজধানীর এই সমাবেশের মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ইতি টানবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নয়াপল্টনে বিএনপির সমাবেশ সোমবার…
এ বিষয়ে জানতে চাইলে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, “আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির উদ্যোগে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, একই দিনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন তিনি। জেলাগুলো হলো—দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপিসহ মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়।
