Uncategorized

আজ থেকে হজ ভিসা ইস্যু শুরু, প্রস্তুতি সম্পন্ন সৌদি সরকারের

সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে আজ রোববার, ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই সার্বিক প্রস্তুতি জোরদার করা এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় হাজিদের আবাসন সংক্রান্ত সব চুক্তিও সম্পন্ন হয়েছে।

এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে।

আজ থেকে হজ ভিসা ইস্যু শুরু, প্রস্তুতি সম্পন্ন সৌদি সরকারের….

বাংলাদেশের হজযাত্রীদের জন্যও প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক সরকারি ও বেসরকারি সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নির্ধারিত টিকাকেন্দ্রে টিকা গ্রহণের পর ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কেউ হজে অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজযাত্রীদের বহনের জন্য হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *