Uncategorized

ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণের দিন প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্টদের যানবাহন ব্যবহারে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন—যেমন জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিকশা—ব্যবহার করতে পারবেন। প্রতিটি যানবাহনে বৈধ লাইসেন্সধারী চালকসহ সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যেই গণ্য করা হবে।

যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তাঁর নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুইটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ অনধিক দুইজন আরোহী থাকতে পারবেন।

ভোটের দিনে প্রার্থী ও এজেন্টদের যানবাহন ব্যবহারে ইসির নির্দেশনা….

নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তাঁদের নির্বাচনি এজেন্ট প্রত্যেকে চালকসহ সর্বোচ্চ পাঁচজন নিয়ে নৌযান ব্যবহার করতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যানবাহনে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া অন্য কেউ থাকলে তাঁদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে পূর্বানুমোদন নিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।

এ ছাড়া প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাঁদের সঙ্গে থাকা অন্য কোনো ব্যক্তি ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *