এমপিদের শপথের চিঠি আজই পেতে পারে ইসি, প্রস্তুতি সম্পন্ন: কমিশনার আনোয়ারুল
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক চিঠি আজই নির্বাচন কমিশনের (ইসি) হাতে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শপথ আয়োজনের বিষয়ে কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এমপিদের শপথের চিঠি আজই পেতে পারে ইসি, প্রস্তুতি সম্পন্ন: কমিশনার আনোয়ারুল…..
অন্যদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে প্রায় দুই দশক পর আবারও সরকার গঠনের পথে রয়েছে বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির মিত্ররা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকরা পেয়েছে আরও ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।
নতুন সরকারের শপথকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।
