পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বাণীতে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আল্লাহভীতির এক মহিমান্বিত সময়। এ মাসে সিয়াম সাধনা, দান-সদকা এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির সুযোগ লাভ করে। পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।
তিনি উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে বিরত থেকে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও সততার চর্চার মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা…
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করা উচিত। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবার রোজা, নামাজ ও নেক আমল কবুল হয় এবং রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হয়।
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর নিকট সকলের ক্ষমা ও হেফাজত প্রার্থনা করেন।
